এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে শেষদিকে ভালো করে লড়াইয়ের পুঁজি তুলেছিল রশিদ খানের দল। কিউই ব্যাটারদের সামনে পরে সুবিধা করতে পারেননি আফগান বোলাররা। টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের ৪৭ বলে ৭৪ রানের জুটিতে জয়ে পৌঁছে যায় নিউজিল্যন্ড। এদিন দুদল মিলে ৩৬৫ রান তুলেছে, বিশ্বকাপে দুদলের কোন ম্যাচে যা সর্বাধিক।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন রশিদ খান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে আফগানরা। জবাবে ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে কিউইরা, ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৮৩ রান।

দুদল মিলে ৩৬৫ রান করে ভেঙেছে নিজেদের ২৪৯ রানের রেকর্ডটি। আবু ধাবিতে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে করেছিল তারা। সেই ম্যাচে ৮ উইকেটে আফগানরা করেছিল ১২৪ রান এবং ২ উইকেট হারিয়ে কিউইরা করেছিল ১২৫ রান। ৮ উইকেটে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড।

আগে ব্যাটে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ এবং ইব্রাহিম জাদরান ১০ রান করেন। গুলবাদিন নাইব ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে করেন ৬৩ রান। সিদ্দিকুল্লাহ অটল ২৯, দরবেশ রসুলী ২০, আজমাতুল্লাহ ওমরজাই ১৪ এবং মোহাম্মদ নবী অপরাজিত ১০ রান করেন।

কিউই বোলারদের হয়ে লোকি ফার্গুসন ২টি উইকেট নেন। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, রচীন রবীন্দ্র ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার টিম সেইফার্ট ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে করেন ৬৫ রান। অপর প্রান্তে মুজিবুর রহমান পরপর ফেরান ১ রান করা ওপেনার ফিন অ্যালেন এবং রানের খাতা খুলতে না পারা রবীন্দ্রকে।

সেইফার্ট আউট হলে ফিলিপস দলকে এগিয়ে নিতে থাকেন, ৭ চার ও ১ ছক্কায় ২৫ বলে করেন ৪২ রান। মার্ক চ্যাপম্যান ২৮, ড্যারিল মিচেল অপরাজিত ২৫ এবং মিচেল স্যান্টনার অপরাজিত ১৭ রান করে জয় তুলে নেন।

আফগানদের হয়ে মুজিব ২টি উইকেট নেন। ওমরজাই, রশিদ এবং নবী ১টি করে উইকেট নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews