বয়স ৩৯। তবু বিশ্বসেরা ফুটবলারদের আলোচনায় লিওনেল মেসির নাম এখনও সমান উজ্জ্বল। এবারের ব্যালন ডি’অরের দৌড়েও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর মেসির পক্ষে এবার জোরালো সমর্থন জানিয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি জিনেদিন জিদান। মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে জিদানের বক্তব্য বেশ স্পষ্ট। ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি মেসিকেই বেছে নেবেন- বারবার। মার্কার বরাতে গোল ডটকম ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, জিদান বলেছেন, ‘একবার নয়, মেসিকে জেতাতে আমি ১০০ বার ভোট দেব।’
মেসির সবচেয়ে বড় গুণ হিসেবে জিদান গুরুত্ব দিয়েছেন তার দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠত্বকে। ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে থাকা যে কতটা কঠিন, সেটিই তুলে ধরেছেন ফরাসি কিংবদন্তি। তার মতে, মেসির এই ধারাবাহিকতা অন্য যেকোনো অর্জনের চেয়ে কম বিস্ময়কর নয়। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন মেসি। এবারও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।
সাম্প্রতিক মৌসুমেও মেসির পারফরম্যান্স ছিল নজরকাড়া। ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে গোল ও অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও নিজের ছাপ রেখেছেন তিনি। ফলে বয়সকে পাশ কাটিয়ে আবারও ব্যালন ডি’অরের আলোচনায় থাকা মেসির জন্য বড় স্বীকৃতি।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের মঞ্চ বসবে লন্ডনে, আগামী ২৬ অক্টোবর। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি কি নবমবারের মতো পুরস্কারটি নিজের করে নিতে পারবেন- সেটিই এখন ফুটবলবিশ্বের বড় প্রশ্ন। অন্তত জিদানের ভোট পেলে মেসির ঝুলিতে যে একটি ভোট নিশ্চিত, তা নিয়ে সন্দেহ নেই। মেসিকে নিয়ে জিদানের প্রশংসা অবশ্য শুধু ব্যালন ডি’অরেই থামেনি। সর্বকালের সেরা খেলোয়াড় বা ‘গোট’ বিতর্কেও ফরাসি কিংবদন্তির অবস্থান পরিষ্কার। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে এখনও যারা প্রশ্ন তোলেন, তাদের নিয়েও নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘যারা মনে এখনো “সর্বকালের সেরা” নিয়ে সন্দেহ আছে, সত্যি বলতে ফুটবল সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়।’