জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের আজ (১৩ জুলাই) জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন পরিবারকে ঘিরে একান্ত ঘরোয়া আয়োজনে। তবে শুধু পরিবার নয়, জন্মদিন উপলক্ষে ভক্ত-শ্রোতাদের জন্যও রেখেছেন বিশেষ চমক। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘বেখেয়ালি মন’।

জানা গেছে, গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। আর এতে কণ্ঠ দিয়েছেন পুতুল নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। এটি প্রকাশ করা হবে ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে।

নতুন গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত পুতুল। তার ভাষায়, জন্মদিনে শ্রোতাদের জন্য এটিই সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিন ধরে মৌলিক গান নিয়ে কাজ করে আসা এই শিল্পী আশা করছেন, ‘বেখেয়ালি মন’ও শ্রোতাদের ভালোবাসা পাবে।

জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে পুতুল বলেন, ‘জন্মদিনে সারাদিন পরিবারের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছি। রাতে সবাই মিলে একসঙ্গে ডিনার করব।’

তারকাখ্যাতির ব্যস্ততার মধ্যেও পরিবারকে সবসময়ই প্রাধান্য দেন এই শিল্পী। তাই এবারের জন্মদিনেও কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং আপনজনদের সঙ্গেই দিনটি উদযাপন করছেন তিনি।তবে এবারের জন্মদিনে ছোট্ট একটি অপূর্ণতাও রয়েছে। পারিবারিক কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তার স্বামী সৈয়দ রেজা আলী। ফলে বিশেষ এই দিনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি তাদের।



স্বামীর কাছ থেকে কোনো উপহার পেয়েছেন কি না জানতে চাইলে হাসতে হাসতেই পুতুল বলেন, ‘তিনি দেশের বাইরে পারিবারিক কাজে গেছেন। দুই-তিন দিনের মধ্যে ফিরবেন। আশা করছি, সেখান থেকে আমার জন্য কোনো উপহার নিয়ে আসবেন। অপেক্ষায় আছি।’



সংগীতজীবনে পুতুলের যাত্রা শুরু হয় ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে। সেরা দশে জায়গা করে নেওয়ার পর থেকেই তিনি সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন। মিষ্টি কণ্ঠ ও ভিন্নধর্মী পরিবেশনার পাশাপাশি গান লেখা, সুর করা এবং সংগীত পরিচালনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। উপস্থাপক হিসেবেও দর্শকদের কাছে পেয়েছেন প্রশংসা।



পরিবার ও সংগীত, দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে চলা এই শিল্পী জন্মদিনে যেমন আপনজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তেমনি নতুন গান ‘বেখেয়ালি মন’ প্রকাশের মাধ্যমে ভক্তদের জন্য স্মরণীয় একটি উপহারও নিয়ে আসছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews