দক্ষিণী তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই সরাসরি স্বীকারোক্তি দেননি। প্রকাশ্যে তারা একে অপরকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেই পরিচয় দেন। তবে গত কয়েক বছরে তাদের প্রেম, বাগদান ও বিয়ে নিয়ে একাধিকবার জোর গুঞ্জন উঠেছে।
সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, চলতি মাসের ২৬ তারিখ নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই জনপ্রিয় জুটি। এরই মধ্যে সামনে এসেছে আরও চমকপ্রদ তথ্য—তাদের বিয়ের ভিডিওর একচ্ছত্র স্ট্রিমিং স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রস্তাবের অঙ্কও ছিল চোখ কপালে তোলার মতো—বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা।
খবরে বলা হয়েছে, বিলাসবহুল কোনো গন্তব্যে আয়োজিত বিয়ের অনুষ্ঠানটি প্ল্যাটফর্মে দেখানোর পরিকল্পনা ছিল নেটফ্লিক্সের। কিন্তু বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও বিজয় ও রাশমিকা নাকি সেই অফার ফিরিয়ে দিয়েছেন। টলিউডভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগের কিছু তারকা-বিয়েতে তৈরি হওয়া আইনি ও বাণিজ্যিক জটিলতার অভিজ্ঞতা মাথায় রেখেই তারা সতর্ক সিদ্ধান্ত নিয়েছেন। বিজয় বিশেষভাবে চান, অনুষ্ঠানটি যেন ব্যক্তিগত ও সীমিত পরিসরেই থাকে—বাণিজ্যিক রূপ না পায়।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরে হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজন করতে পারেন তাঁরা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
বিজয়–রাশমিকার ঘনিষ্ঠতার সূত্রপাত ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির সেটে। পর্দার রসায়ন বাস্তবেও রূপ নিয়েছে কি না—সে প্রশ্ন বহুদিন ধরেই ভক্তদের মনে। বিশেষ করে ভ্রমণের বিভিন্ন ছবিতে মিল পাওয়া পটভূমি নিয়ে সামাজিক মাধ্যমে জোর আলোচনা হয়েছে। সব মিলিয়ে, সম্পর্ক নিয়ে নীরবতা বজায় রাখলেও তাঁদের সম্ভাব্য বিয়ে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষাই সঙ্গী।