বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যাঁদের বয়সের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। তবে বয়সের এই ফারাক তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি; বরং ভালোবাসা ও বোঝাপড়ার সঙ্গে তাঁরা দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বিভিন্ন সময় প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সঙ্গিনীর চেয়ে বয়সে বেশ বড়, এমন কয়েকজন বলিউড তারকাকে একনজর দেখে নেওয়া যাক।
সাইফ আলী খান ও কারিনা কাপুর
সাইফ আলী খান ও কারিনা কাপুরের বয়সের মধ্যে প্রায় ১০ বছরের ব্যবধান। কারিনা কাপুরকে বিয়ে করার আগে সাইফের বিয়ে হয়েছিল অভিনয়শিল্পী অমৃতা সিংয়ের সঙ্গে। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। ২০০৪ সালে সাইফ ও অমৃতার বিচ্ছেদ হয়।
এরপর ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। তাঁদের দুই পুত্রসন্তান হলো তৈমুর ও জেহ। সাইফ–কারিনা জুটিকে তাঁদের ভক্তরা ‘সাইফিনা’ বলে ডাকেন। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে তাঁদের নাম উঠে আসে।