ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে দেশটির নিরাপত্তা সার্ভিসের (এসবিইউ) সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। শুক্রবারের এ হামলায় ভবনটিতে সরাসরি আঘাত হেনেছে রুশ ড্রোন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সরাসরি এই হামলা এমন সময়ে হলো, যখন কয়েক দিন ধরে কিয়েভে প্রায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ রুশ এই হামলায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।

গত আট দিন ধরে কিয়েভে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এসব হামলায় শহরের কেন্দ্রস্থলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শহরের উপকণ্ঠের গুদাম ও কারখানাগুলোতেও হামলা হয়েছে। এর মধ্যে কোকাকোলা উৎপাদনকারী একটি কারখানাও রয়েছে।

গত মাসে রাশিয়ার প্রায় বিরতিহীন হামলা শুরুর পর থেকে কিয়েভ শহর ও আশপাশের কিয়েভ অঞ্চলে অন্তত ৫৩ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

তবে এসবিইউর সদর দপ্তরে হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, রুশ হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ক্রমেই সুরক্ষিত রাখতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানোর জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এসবিইউর সদর দপ্তরটি ঐতিহাসিক কিয়েভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। ভবনটির ঠিক বিপরীতেই রয়েছে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। এর কাছেই রয়েছে কিয়েভের আরও দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা, গোল্ডেন গেট ও ন্যাশনাল অপেরা।

ফলে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমৃদ্ধ কিয়েভের কেন্দ্রস্থলে এসবিইউর সদর দপ্তরে সরাসরি রুশ ড্রোন হামলা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews