বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস লিখছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে আয়ের নতুন নতুন মাইলফলক স্পর্শ করছে। মুক্তির ২১তম দিনে এসেও প্রেক্ষাগৃহে দাপট ধরে রেখেছে সিনেমাটি।
বুধবার অর্থাৎ ৮ এপ্রিল ছবিটির আয়ে কিছুটা ভাটা পড়লেও এটি এখন আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর গড়া ১২৩৪ কোটি রুপির অভ্যন্তরীণ আয়ের ঐতিহাসিক রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ‘ধুরন্ধর ২’-এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১২৪৬.৬৭ কোটি রুপিতে। মুক্তির ২১তম দিনে এসে সিনেমাটি ভারতে মোট ৭.৯০ কোটি রুপির ব্যবসা করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ১,০৪১.২৭ কোটি রুপি।
শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও রণবীরের ম্যাজিক অব্যাহত রয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩ কোটি রুপি সংগ্রহ করায় ছবিটির মোট ওভারসিজ গ্রস দাঁড়িয়েছে ৪০৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর ২’-এর মোট সংগ্রহ এখন ১৬৫৩.৬৭ কোটি রুপি। এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’-এর রেকর্ড আগেই ভেঙে দেওয়া এই সিনেমাটি এখন ভারতের সর্বোচ্চ আয়ের তকমা পেতে ‘পুষ্পা ২’-এর চেয়ে মাত্র ১৯২.৮৩ কোটি রুপি পিছিয়ে রয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছিল সেই বছরের অন্যতম সফল সিনেমা। সিক্যুয়েলটি মাত্র ১১ দিনেই প্রথম কিস্তির আজীবনের আয়কে ছাড়িয়ে যায়।
১৯ মার্চ মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ায় সিনেমাটির সাফল্যের পরিধি আরও বিস্তৃত হয়েছে। প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি রুপি আয় করে অবিশ্বাস্য শুরু করা এই ছবিটি এখনো দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা জিইয়ে রেখেছে।
সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক দিনে এটি ভারতীয় চলচ্চিত্রের আয়ের সব সমীকরণ বদলে দিতে পারে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কেএইচটি