অবিরাম ও ভারী বর্ষার কারণে নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যা ব্যাপক ধ্বংসকা- ঘটিয়েছে, বহু জনপদ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং রাস্তাঘাট ও সেতুও বন্যার জলে ভেসে গেছে। এ ব্যাপক ধ্বংসের মধ্যে, আশেপাশের ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর মাঝে সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকা একটি বাড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা এর নাম দেন ‘মিরাকল হাউস’।
এ বাড়ির আশেপাশের বেশিরভাগ বাড়ি ধসে পড়া বা ভূমিধসে ভেসে যাওয়া সত্ত্বেও, আশ্চর্যজনকভাবে ‘মিরাকল হাউস’-এর তেমন কোনো ক্ষতি হয়নি।
আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, বাড়িটি বন্যার ধ্বংসাবশেষ এবং কাদার পুরু স্তরে ঘেরা, কিন্তু ভবনটির মূল কাঠামো এখনও অক্ষত রয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, বাড়িটির মজবুত ভিত্তি, কংক্রিটের নির্মাণ এবং অপেক্ষাকৃত উঁচু স্থানে তৈরি হওয়ার মতো বিষয়গুলো এটিকে দ্রুতগামী বন্যার স্রোত প্রতিরোধ করতে সাহায্য করেছে। অক্ষত থাকা বাড়িটির ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সূত্র : জে এন।