৩০ August ২০২৬ Sunday ৬:০৭:২৮ PM Print this E-mail this

ঝালকাঠিতে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকার একটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রি করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার ২৭২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয় এবং দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা আজকের পত্রিকাকে বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews