বলিউডের হাল সময়ের আলোচিত অভিনেতাদের একজন বিক্রান্ত ম্যাসি। ‘মির্জাপুর’ এর মতো সিরিজ কিংবা ‘টুয়েলভথ ফেইল’ এর মতো ছবি উপহার দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। জিতেছেন ভারতের জাতীয় পুরস্কারও। তবে এই সাফল্যের আগে বিক্রান্তের প্রাথমিক জীবন ছিল অবর্ণনীয় সংগ্রামে ভরা। কফিশপে টেবিল মোছার কাজ পর্যন্ত করতে হয়েছিল তাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের অতীত অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেছেন বিক্রান্ত। সেখানেই তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজে নেমেছিলেন। আর কঠোর শ্রম দিয়ে মাত্র ২৪ বছর বয়সেই কিনেছিলেন প্রথম বাড়ি।

বিক্রান্ত বলেন, স্থিতিশীল একটা জীবন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। ১৬ বছর বয়সে কাজ শুরু করেছিলাম। সাধারণত সুস্থ চিন্তার কোনো ১৬ বছরের ছেলে বাড়ির আরাম ছেড়ে টাকা উপার্জন করতে বা কফিশপে টেবিল পরিষ্কারের মতো কাজ করতে যায় না। কিন্তু আমাকে সেটা করতে হয়েছিল নিজের পড়াশোনার খরচ চালাতে এবং পরিবারকে সাহায্য করতে। এখন পেছন ফিরে তাকিয়ে আমি কৃতজ্ঞ, কারণ জীবনের সেই সময়টা না থাকলে হয়তো আজকের আমিটা হতে পারতাম না।

বাড়ি কেনা প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ২৪ বছর বয়সে যখন ছোট্ট একটি বাড়ি কিনলাম, তখন মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম। মা বলতেন, যাই হোক না কেন, অন্তত তোমার নিজের একটা বাড়ি থাকবে, যেখানে তুমি ফিরে আসতে পারবে। বিক্রান্ত মনে করেন, জীবনের সেই কঠিন সময়টাই তাকে আজকের তারকায় পরিণত করেছে। এদিকে অভিনেতাকে সামনে দেখা যাবে ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজে। আগামী ৩ জুলাই এটি জিও হটস্টারে মুক্তি পাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews