আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন কিংবদন্তি তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে রোববার এক অনুষ্ঠানে টেনিসের হল অব ফেমে নাম উঠে ফেদেরার। অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোসহ টেনিসের আরো অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন।

হল অব ফেমে জায়গা পেয়ে আবেগে কেঁদে ফেলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার। নিজের অনুভূতি জানাতে গিয়ে ৪৫ বছর বয়সী ফেদেরার বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। এটিকে তারা ‘হল অব ফেম’ বলেন, কিন্তু খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এমন কিছু করে জীবন কাটানো, যেটাকে আমি ভালোবাসি। পাশাপাশি সেসব মানুষদের সাথে কাটানো, যারা এই খেলাকে আমার মতো ভালোবাসে।’

১৯৯৮ সালে ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় অভিষেক হয় ফেদেরার। ২০২২ সালে টেনিস থেকে অবসর নেন তিনি। মাঝে দুই দশকের ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। পুরুষ এককে ফেদেরারের চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন- সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)।

উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জিতেছেন ফেদেরার। এ ছাড়া ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন এই সুইস তারকা। ৩১০ সপ্তাহ বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষেও ছিলেন তিনি।

বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে ফেদেরার বলেন, ‘আমি এমন কিছু সংখ্যার কথা বলছি, যা সত্যিই একটা ছবি আঁকে। ১৯৯৮ সাল থেকে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। আমার অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পড়েছি। বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি। এটা হয়তো আমার অনেক প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ। কারণ আমি দু’টি করে পরতাম। এখানে এ অবস্থায় থাকতে পারার অর্থ, পরিমাপ করা সম্ভব নয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews