প্রায় ২৫ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গের পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। রবিবার সকালে হঠাৎ করেই সেখানে পৌঁছান তিনি। তবে এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত জানা যায়নি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, খুব শিগগিরই স্বামীর সঙ্গে দেখা করতে তিনি সেখানে যাবেন এবং পুরো বিষয়টি জানার চেষ্টা করবেন।
মৌপিয়া আরও বলেন, উৎসবের ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি না ফেরা পর্যন্ত পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা ছিল বলে উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। নিখোঁজ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট থানাসহ মিসিং পারসন ইউনিটেও জানানো হয়েছে।
পরিচালক অনীক দত্ত জানান, এতদিন উৎসবকে নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তার খোঁজ মেলায় স্বস্তি প্রকাশ করলেও এতদিনের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন বলে জানা যায়। শেষবার তার সঙ্গে পরিবারের যোগাযোগ হয় দুপুর ২টা ২২ মিনিটে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/এম.এস