প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ¯েœহধন্য ছিলেন কণ্ঠশিল্পী শাহ হামজা। বাচ্চুর অনুপ্রেরণায় সংগীতে আসেন তিনি। হামজা এবার তার প্রিয় শিল্পীর জনপ্রিয় গান ‘ময়না’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রায় তিন যুগ আগে আইয়ুব বাচ্চুর কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা ‘ময়না’ গানটির কথা লিখেছিলেন মিলন খান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ, যেখানে আধুনিক সাউন্ডের সাথে ক্লাসিক রক ঘরানার অনুভূতি বজায় রাখা হয়েছে। শাহ হামজা বলেন, শৈশব থেকে যে সুর, যে ফিল আর যে গিটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে, এই গানটি তাদের জন্য আমার ভালোবাসার উপহার। শাহ হামজা নব্বই দশকে ব্যান্ড সংগীতের মাধ্যমে তার যাত্রা শুরু করেন এবং ১৯৯৫ সালে ডোরিয়ান ব্যান্ড গঠন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি জ্যাজ মিউজিকোলজি ও মিউজিক ইলেকট্রনিক টেকনোলজিতে উচ্চশিক্ষা অর্জন করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ মোট ৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’, ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘ভদ্রবেশী পাগল’। ইউটিউবের যুগে এসেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এরমধ্যে তার কন্ঠে ‘ভেজা চোখ’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।