চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাইসাইকেল চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ছয় জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো: আব্দুস সবুর পুলিশে একটি দল নিয়ে হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেল চুরির সময় হাতে নাতে মো: বিপুল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেন। তার কাছ থেকে একটি দুই চাকার বাইসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার বিপুল মাজু (পালপাড়া) গ্রামের ঠান্ডুর ছেলে।

একই দিন রাতে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো: গোলাম হোসেন পুলিশের আরেকটি দল নিয়ে কুটিপাইকপাড়া গ্রামে আরেকটি অভিযান চালান। অভিযানে নিজ বসতবাড়ির বারান্দা থেকে ২০ গ্রাম গাঁজাসহ মো: আলফাজ উদ্দিন ওরফে আলফা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুটিপাইকপাড়া গ্রামের মরহুম ইয়াছদ্দিনের ছেলে।

তাছাড়া, মাদক মামলার এজাহারভুক্ত আসামি জগন্নাথপুর (মাঠপাড়া) গ্রামের মো: আসাদুলকে (৪২) জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অন্যান্য অভিযানে বিভিন্ন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফুলবগাদী গ্রামের মো: মিমন আহম্মেদ শাহিন, রায়লক্ষীপুর গ্রামের মো: আজানুর রহমান এবং হাপানিয়া গ্রামের মো: আবুজার গেফারী।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাঈল জানান, বাইসাইকেল চুরির সময় ধরা পড়া বিপুল হোসেন ও গাঁজাসহ গ্রেফতার আলফাজ উদ্দিনের বিরুদ্ধে সামারী ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের পদক্ষেপ নেয়া হয়েছে। গ্রেফতার অন্য আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews