সমুদ্রের তলদেশে চীনের ক্রমবর্ধমান সাবমেরিন বা ডুবোজাহাজ বহরের শক্তি মোকাবিলায় নতুন ধরনের অতি-কমপ্যাক্ট ও হালকা বিমান-উৎক্ষেপণযোগ্য টর্পেডো তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘সাইলেন্ট এনভিল এয়ার-লঞ্চড টর্পেডো’ (SAA-LT) নামের এই মারাত্মক অস্ত্রটি মার্কিন নৌবাহিনীকে বহু দূর থেকে প্রতিপক্ষের সাবমেরিনে আক্রমণের সক্ষমতা দেবে।
হালকা কিন্তু প্রঘাতী প্রযুক্তি
মার্কিন নেভাল এয়ার সিস্টেমস কমান্ড (NAVAIR) সম্প্রতি সামরিক শিল্প খাতের কাছে এই টর্পেডোর নকশা ও তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এইচএএডব্লিউসি (HAAWC) সিস্টেম বা মার্ক-৫৪ টর্পেডোর তুলনায় নতুন এই 'সাইলেন্ট এনভিল' অনেক ছোট ও হালকা হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন টর্পেডোটির বৈশিষ্ট্যসমূহ:
ওজন: সর্বোচ্চ ২৬৮ পাউন্ড (১২২ কেজি)
দৈর্ঘ্য: সর্বোচ্চ ৭০ ইঞ্চি (১৭৮ সেমি)
ব্যাস: ৭.৫ ইঞ্চি (১৯ সেমি)
রণকৌশলগত সুবিধা
আকারে ছোট হওয়ায় এই টর্পেডো শুধু বড় সামরিক বিমান নয়, বরং বিমানবাহী রণতরী (Aircraft Carrier) থেকে পরিচালিত তুলনামূলক ছোট যুদ্ধবিমান এবং চালকবিহীন ড্রোন (UAV)-এ সহজেই বহন করা সম্ভব হবে। ফলে মার্কিন নৌবাহিনী আরও বিস্তৃত এলাকা জুড়ে এবং শত্রুপক্ষের রাডার চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম হবে।
চীন তাদের জলসীমায় সাবমেরিন বহর দ্রুত আধুনিকায়ন ও সংখ্যা বৃদ্ধি করায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখতে আমেরিকা এই পদক্ষপ নিচ্ছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন।