জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন গঠন করে পুলিশকে নির্দলীয় ও পেশাদারী স্বাধীনতা দেওয়া হোক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশকে আবারো দলীয়করণ করার সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সাংবাদিকদের দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হয়েছে। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানালেও সরকার সেদিকে যায়নি।



​মঙ্গলবার (১৪ জুলাই ) রাত ৮টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।



​রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা বলেছিলাম, সেগুলো সংস্কার করে তারেক রহমানকে চালকের আসনে বসান। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।



​সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে বলতে চাই-সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন আহমদের শিলংয়ে থাকার কথা এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।



​বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে যারা প্রকৃত বিএনপি করছেন তারা ভালো অবস্থায় নাই। ভালো অবস্থানে আছে তারা, যারা ৫ই আগস্টের পর 'বিএনপি সেজেছে'। সেজন্য দীর্ঘ ১৭ বছর যারা নির্যাতিত হয়ে বিএনপি করেছেন, আপনাদেরকে এনসিপিতে স্বাগত জানাই। আর যারা নতুন করে বিএনপি সেজেছেন, আপনাদেরকে নিয়ে তারেক রহমান সুখে-শান্তিতে বসবাস করুক।



​শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যের কড়া জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি যাদের 'ফার্মের মুরগি' বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই অনেকে শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রিত্ব করছেন।



​তিনি স্পষ্ট করে বলেন, আমরা কেবল একজন হাসিনার ব্যক্তি পরিবর্তন চাইনি, চেয়েছি হাসিনার তৈরি করা ব্যবস্থার পরিবর্তন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।



​সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews