বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায়কে পাশ কাটিয়ে বা ৭০ শতাংশ মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালিত করা যাবে না। বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ২৪-এর পর মানুষের অভিপ্রায় ছিলো জনগণের অভিপ্রায়ের বাংলাদেশ হবে। জুলুম, অন্যায়, দুর্নীতি দূরীভূত হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জনগণের আরও বিপুল প্রত্যাশা ছিলো। বিশেষ করে সংস্কার নিয়ে।
তিনি বলেন, নির্বাচনের মধ্যদিয়ে রাজনীতি ও রাষ্ট্রসংস্কারের পক্ষে গণভোট হয়। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত টেকসই সংস্কার চায়। অতীতের মতো সংশোধনী যেন একটি কলমের খোচায় পরিবর্তন হোক, জনগণ সেটা দেখতে চায় না। জনগণ টেকসই সংস্কার চায়। যেভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন বেশি নিয়ে বিএনপি সরকারের এখন সুর পাল্টে গেছে। এখন তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। জুলাই সনদ নিয়ে নির্বাচনের আগেও আমরা মাঠে সোচ্চার ছিলাম। এরই ধারাবাহিকতায় সনদ বাস্তবায়নে গণসমাবেশ দেয়া হয়েছে। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।