বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিউনের মিনঝিরি সাদা পাথর নামক পর্যটন স্পটের নদীতে এ ঘটনা ঘটে।
লামা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর লামা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ৬ বন্ধুসহ আবদুল ওয়াদুদ সায়েম মিনঝিরি এলাকার হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠে। দুপুরে পাশের সাদা পাথর এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে নিখোঁজের এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিখোঁজ পর্যটকের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়। সবশেষ খবর অনুযায়ী, এখনো নিখোঁজ পর্যটক আবদুল ওয়াদুদ সায়েমের কোন সন্ধান পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম