গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থানীয় সোমবাজার ঈদগাহ মাঠে উপস্থিত হয়।
পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) সভাপতি আলহাজ দেওয়ান শফিউদ্দিন আহমাদ, সাবেক সভাপতি আলহাজ মো. রেজাউল করিম ভূঁইয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর ও সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সিরাজ উদ্দিন, সোমবাজার ঐতিহাসিক ৫০তম সুন্নী মহাসম্মেলন কমিটির সভাপতি মো. আরব আলী, শাহজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মো. মাকসুদুল হাসান, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহ্বায়ক শাকিল আহমেদ দরাই ও ইসলামী ছাত্রসেনার সাবেক উপজেলা সভাপতি মাওলানা হাফেজ মো. আল-মামুন প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরিফের আশেকান, ভক্ত ও মুরিদানসহ সুন্নী মতাদর্শের তরিকতপন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।