গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন
আরও পড়ুন চান্দিনায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে নারীর মৃত্যু

রাতে কোনাবাড়ী থানার ওসির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।