কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর – নেপালের দারচুলা জেলায় পাহাড়ধসের ফলে চৌলানি নদীর একাংশের প্রবাহ আংশিক বন্ধ হয়ে গেছে। এর ফলে নদী অববাহিকার নিচু এলাকায় যে কোনো সময় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

শুক্রবার দারচুলা জেলার আপি হিমাল গ্রামীণ পৌরসভার ভাট্টার নামক স্থানে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে ধস নামলে নদীর গতিপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে পানি জমে পরবর্তীতে তা প্রবল স্রোতে নেমে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে।

দারচুলার জেলা প্রশাসন নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

নেপালের সুদূরপশ্চিম প্রদেশের মুখ্যমন্ত্রী খগরাজ ভট্ট স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী জানিয়েছে বর্তমানে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মীরাও পরিস্থিতি তদারকিতে কাজ করছেন।

চৌলানি নদীটি স্থানীয়ভাবে চামেলিয়া নামেও পরিচিত যা পরবর্তীতে ভারতের সীমান্ত সংলগ্ন মহাকালী নদীতে গিয়ে মিশেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews