বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ এবং বিভিন্ন পর্যায়ে ‘পার্সেন্টেজ’ দেওয়ার সংস্কৃতির কারণে অনেক সৎ ও যোগ্য উদ্যোক্তা দেশে বিনিয়োগ না করে বিদেশে বিনিয়োগ করছেন। এ অবস্থার পরিবর্তন না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে না।

শুক্রবার সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নেত্রকোণার চীনামাটির পাহাড়সহ প্রাকৃতিক সম্পদ, পাহাড়-নদী এবং তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চলে শিল্পবিপ্লব ঘটানো সম্ভব।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, দেশের সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি জনগণও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। দেশের এক ইঞ্চি ভূখণ্ডেও কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

মতবিনিময় সভা শেষে তিনি নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews