ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকার মিশনে বড়সড় ধাক্কা খেল লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে হার দিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্নে স্লটের শিষ্যদের। চলতি মৌসুমে এটি অলরেডদের ১৬তম পরাজয়, যা অ্যানফিল্ডের দলটির বর্তমান দুর্দশাকে আরও প্রকট করে তুলেছে।
পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা লিভারপুলকে এখন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিগ ওয়ানের শীর্ষস্থানে থাকা পিএসজি। মাত্র ১১ মিনিটের মাথায় ডেজিরে দুয়ের শট ভার্জিল ভ্যান ডাইকের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলির মাথার ওপর দিয়ে জালে জড়ালে লিড নেয় ফরাসি জায়ান্টরা। ইনজুরি আক্রান্ত অ্যালিসনের পরিবর্তে নামা মামারদাশভিলি বেশ কিছু দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে না দিলেও শেষ রক্ষা করতে পারেননি। জোয়াও নেভেসের চমৎকার এক পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন খুইচা কাভারাটস্খেলিয়া।
লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা পুরো ম্যাচেই ছিল স্পষ্ট। ইব্রাহিমা কোনাতে বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় সে যাত্রা বেঁচে যায় ইংলিশ ক্লাবটি। উসমান দেম্বেলে বেশ কয়েকটি সহজ সুযোগ মিস না করলে এবং শেষ দিকে জেরেমি ফ্রিম্পংয়ের ভুলে পাওয়া সুযোগ দেম্বেলে পোস্টে না লাগালে পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারত। ইনজুরি কাটিয়ে স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক মাঠে ফিরলেও ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি।
আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে পিএসজির এই শক্তিশালী লিড টপকানোই এখন লিভারপুলের জন্য হিমালয় জয়ের সমান চ্যালেঞ্জ।
বিডি প্রতিদিন/কেএইচটি