বাংলাদেশে টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি খাতে নতুন মাইলফলক হিসেবে লেসো সোলার এবং জিরো টেকনোলজির উদ্বোধন করা হয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেমের যাত্রা শুরু হলো। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো। বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন।
গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড মূলত দেশের স্বনামধন্য লিভেঞ্জা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা গত ২৫ বছর ধরে গার্মেন্টস অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ভেহিকেলস, অটোমোবাইলস, মেডিকেল অ্যাকসেসরিজ, সোলার এবং এসি নিয়ে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে লেসো সোলারের একমাত্র 'ন্যাশনাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর' হিসেবে দায়িত্ব পেয়েছে।
এদিকে ২০১৩ সালে প্রতিষ্ঠিত জিরো টেকনোলজি একটি বৈশ্বিক এইচভ্যাক সলিউশনস প্রদানকারী প্রতিষ্ঠান, যারা বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ১০০০-এর বেশি সফল প্রকল্প বাস্তবায়ন করেছে। আবাসিক ও শিল্প খাতের জন্য তাদের ভিআরএফ, ভেন্টিলেশন ও কন্ট্রোল সিস্টেম বিশ্বজুড়ে জ্বালানি-দক্ষ এয়ার কন্ডিশনিং সলিউশন হিসেবে স্বীকৃত।
২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে লেসো সোলার সৌর প্যানেল, ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম উৎপাদন এবং সমন্বিত সোলার এনার্জি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে তাদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক বিস্তৃত। উন্নত প্রযুক্তি ও কাস্টমাইজড সল্যুশনের মাধ্যমে তারা আবাসিক থেকে বৃহৎ বাণিজ্যিক প্রকল্প পর্যন্ত নির্ভরযোগ্য ও শক্তি-দক্ষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করে থাকে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। তবে দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি, যা বিএনপির ভিশনেও গুরুত্ব পেয়েছে। লেসো সোলার এবং জিরো টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের আগমন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একটি টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই হবে বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও প্রযুক্তি দেশে আসা ইতিবাচক উদ্যোগ। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, পাশাপাশি সরকারকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর তার বক্তব্যে বলেন, “লিভেঞ্জা গ্রুপের দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক ঐতিহ্য এবং গ্রিনারি এনার্জি সলিউশনস-এর আন্তর্জাতিক অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা বাংলাদেশের জ্বালানি খাতে একটি টেকসই পরিবর্তন আনতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, লেসো এবং জিরো টেকনোলজির মতো বিশ্বসেরা উদ্ভাবনী সমাধানগুলো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল পণ্য সরবরাহ করা নয়, বরং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিল্পকারখানা ও বাণিজ্যিক ভবনগুলোর বিদ্যুৎ খরচ কমিয়ে সেগুলোকে আরও লাভজনক এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদের এই সোলার এবং স্মার্ট এইচভিএসি সলিউশনগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, নবায়নযোগ্য জ্বালানির এই প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে অগ্রণী ভূমিকা পালন করবে।”
ক্রেতারা বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের পণ্যগুলো অনলাইনে অর্ডারের পাশাপাশি সারা দেশে ৭০টিরও বেশি ডিলার আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন।