একের পর এক বিতর্ক, স্পট ফিক্সিংয়ের অভিযোগ, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা ও অপেশাদার ফ্র্যাঞ্চাইজির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমতাবস্থায় বিপিএল নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের পথে হাঁটছে সংস্থাটি। আপাতত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরে আসার কথা ভাবছে বোর্ড। প্রয়োজনীয় সংস্কার ছাড়া আর আসরটি আয়োজন করতে অনাগ্রহী তারা।
বিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বোর্ডের বেশিরভাগ পরিচালক মনে করেন, বর্তমান কাঠামোয় বিপিএল চালিয়ে গেলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই আগে সব সমস্যার সমাধান, এরপরই কেবল নতুনভাবে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হচ্ছে।
২০১২ সালে যাত্রা শুরুর পর থেকে প্রায় প্রতি আসরেই স্পট ফিক্সিং, খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজির অনিয়ম এবং বোর্ডের সাথে টানাপোড়েনের মতো নানা বিতর্কে জড়িয়েছে বিপিএল। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনেও টুর্নামেন্টটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
বিসিবির ভাবনায় রয়েছে দুটি বিকল্প। প্রথমটি হলো, চলতি বছরের বিপিএল স্থগিত রেখে যোগ্য ও আর্থিকভাবে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভবিষ্যতে নতুনভাবে টুর্নামেন্ট শুরু করা। এ সময় খেলোয়াড়দের ব্যস্ত রাখতে এনসিএল টি-টোয়েন্টি বা অন্য কোনো ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
দ্বিতীয় বিকল্প হিসেবে আলোচনায় আছে ‘বিপিএল’ নামটিই বাদ দেওয়া। বোর্ডের একটি অংশের মতে, এই ব্র্যান্ডের সাথে ইতোমধ্যে নেতিবাচক ভাবমূর্তি জড়িয়ে গেছে। তাই নতুন নামে ও নতুন কাঠামোয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা হতে পারে।
বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক সময় ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় সেই দায়ও শেষ পর্যন্ত বোর্ডকেই নিতে হয়। সম্প্রচার স্বত্ব থেকে আয় হওয়া অর্থের বড় অংশ আবার ব্যয় হয়ে যায় আয়োজনের খরচে। ফলে টুর্নামেন্টটি আর্থিকভাবেও লাভজনক নয়।
এই অবস্থাতেও অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা এখনো আশাবাদী। তার ভাষ্য, ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলে এবারো বিপিএল আয়োজনের চেষ্টা করা হবে। তবে প্রয়োজন হলে এক মৌসুম বিরতি দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
যদিও টুর্নামেন্টের নাম পরিবর্তনের বিষয়ে তিনি একমত নন। বিসিবির টুর্নামেন্ট কমিটির বৈঠকে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।