গোটা বিশ্ববাসীর স্বার্থেই অবিলম্বে ইরানের ওপর মার্কিন-ইহুদি আগ্রাসন বন্ধ করতে হবে। ইরানের ওপর মার্কিন-ইহুদিদের অন্যায় আগ্রাসন বন্ধে জাতিসংঘকে জরুরি উদ্যোগ নিতে হবে। মানবতাবিরোধী মার্কিন-ইহুদি আগ্রাসন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়লে তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। মুসলিম দেশগুলোকে নিশ্চিন্ন করার অসৎ উদ্দেশ্যেই মার্কিন-ইহুদিরা ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এই যুদ্ধ বন্ধ না করলে তা বিশ্বকে সর্বপ্রকারে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুদ্ধ শুরু করার কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি। তিনি একেক সময় একেক কথা বলেন।
আমেরিকার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া আমেরিকার দালাল ইসরাইলকে রক্ষা করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইয়াহুদিদেরকে ঈমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে উল্লেখ করেছেন। তাই ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলি, আমেরিকান, বৃটিশ, ভারতীয় ও কাদিয়ানীসহ সকল শত্রু পণ্য বর্জন করতে হবে। ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে আজ বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ইসলামী বুদ্ধিজীবি ফ্রন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী, হারুনুর রশীদ খান, মাওলানা পীরজাদা শাহ আলম, মাওলানা বরকত উল্লাহ, মাহমুদুল করিম, খলিলুর রহমান শাহরিয়ার, মাওলানা ওবাইদুল হক। পরে ইরানে মার্কিন-ইহুদি সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।