বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনস্বাস্থ্যের সুরক্ষায় টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসির উদ্যোগে ‘ইমিউনাইজেশন ফর অল’ (সবার জন্য টিকাদান) শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং স্কুল অফ ফার্মেসির ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শারমিন্দ নীলোৎপল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ড. ডেভিড ডাউল্যান্ড।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপ গায়ক, চলচ্চিত্র পরিচালক ও সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। একটি স্বাস্থ্যকর এবং রোগমুক্ত সমাজ গঠনে টিকাদানের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করতে এই সেশনে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হন।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি ও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের নেতা অধ্যাপক আব্দুস শাকুর খান। তিনি সংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক সময়ে টিকাদানের গুরুত্ব ব্যাখ্যা করেন। সিনোভিয়া ফার্মা পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) লাকি সিনহা সমাপনী বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।