আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও মিরাসোল মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে তো খেলেনইনি, এমনকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি। বিষয়টিকে কোচ এবং বোর্ডের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ।
দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের কোচিং স্টাফ। আন্তর্জাতিক ফুটবলের গতি বা স্ট্যামিনা নেইমারের নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
আরও পড়ুন পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন মোস্তাফিজ রানা শরিফুল ইমন

সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করেছেন, তা সিবিএফ কর্মকর্তারা ভালোভাবে নেননি। কর্মকর্তাদের ধারণা, নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থি।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মনে করে, তারা নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু নেইমার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি আছে। এই অল্প সময়ে নেইমারের পক্ষে নিজের ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।