বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে সমাজের অনেক সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের কাছে ঈদ আনন্দের বদলে হয়ে ওঠে বঞ্চনার আরেকটি দিন। নতুন পোশাক কেনার সামর্থ্য না থাকায় তাদের ঈদ কাটে পুরোনো জামাকাপড়েই। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে ক্যাম্পাস সংলগ্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, পাঞ্জাবি ও অন্যান্য পোশাক।

বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা জানান, প্রতি শুক্রবার সংগঠনের উদ্যোগে ক্যাম্পাস এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। সেই শিশুদের মধ্য থেকে অতি দরিদ্র পরিবারের শিশুদের জন্য এবার আয়োজন করা হয় বিশেষ ঈদ উপহার কর্মসূচির। নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশুরা।

ঈদ উপহার পেয়ে ছোট্ট আয়েশা আক্তার (৬) আবেগাপ্লুত কণ্ঠে বলে, আমার আব্বা রিকশা চালায়। গতবার ঈদে আমারে জামা কিনে দিতে পারে নাই। পুরান জামা পড়েই ঈদ করছি। এবার এই লাল জামাটা পেয়ে খুব ভালো লাগতেছে। মনে হইতাছে আজকেই পইড়া ফেলি। ঈদ মোবারক।

নতুন পাঞ্জাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাকিব মুনশি (৮)। সে জানায়, আমি ভার্সিটির সামনে একটি দোকানে কাজ করি। রোজার সময় ভার্সিটি বন্ধ থাকায় মালিক টাকা দেয় নাই। তাই রোজার ঈদে কিছু কিনতে পারিনি। এবার শুভসংঘ থেকে যে পাঞ্জাবিটা দিলেন, এটা পড়েই ঈদের নামাজ পড়বো। আপনাদের জন্য দোয়া করবো।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ-এর সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির। তিনি বলেন, আমাদের ক্যাম্পাসের আশেপাশে এমন অনেক শিশু রয়েছে, যারা ঈদের সময় নতুন পোশাক পরতে পারে না। তাদের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে। আজ শিশুদের মুখের হাসি দেখে সত্যিই ভালো লেগেছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বসুন্ধরা শুভসংঘের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই মানবিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। প্রতিটি কাজ আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে পারাটা আমাদের জন্য গর্বের।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা সভাপতি সুজন দাস। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সভাপতি হুমায়ূন আহমেদ পলক, সহ-সভাপতি আহসানুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, প্রচার সম্পাদক সিয়াম আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশাদ জামিল, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক তুহিন সরকারসহ কার্যকরী সদস্য আসাদুল ইসলাম, শিহাব আহমেদ, তাজ শেখ, অর্ঘ্য দাস, তুসি আক্তার, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews