ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হাউছি মিলিশিয়ারা। ইয়েমেনের সামরিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নতুন হুমকি তৈরি করল।

ইয়েমেন সরকারের চারজন সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ বহির্গমন পথ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালীর ওপর হাউছিরা নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়িয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জের ওপর হামলা চালাচ্ছে।

গত ২৮ মার্চ ইসরাইলে হামলার মধ্য দিয়ে ইরানের সাথে বর্তমান যুদ্ধে জড়িয়ে পড়ে হাউছিরা।

তবে কিছুদিন তারা অনেকটাই নীরব ছিল। এরপর জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে।

ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় লোহিত সাগরের নৌপথের ওপরই নির্ভর করে আসছে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব।

বৃহস্পতিবার ওই অঞ্চলে উত্তেজনা চরমে ছিল। হাউছিদের হামলার মুখে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো দক্ষিণ-পশ্চিমের শহর খামিস মুশাইতে জরুরি সতর্কতা জারি করে।

সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রে জানা গেছে, সঙ্কট যাতে আরো মারাত্মক আকার ধারণ না করে, সে জন্য ইয়েমেনি হাউছিরা মিত্রদের সংযত করতে ইরানকে সৌদি বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews