স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তি অনুযায়ী, একইদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

নতুন দরে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কার বিনিময় ও পুরোনো স্বর্ণ কেনাবেচায় বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে শনিবার (২২ আগস্ট) স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

অর্থাৎ তিন দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম আরও ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। চলতি বছরে এ নিয়ে ১০৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

পূর্বকোণ/নুসরাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews