উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের নারীদের ‘দৃঢ়চেতা’ বলে প্রশংসা করেছেন। তিনি নারীদের ‘বিপ্লবের মজবুত স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন কিম। সেখানে উত্তর কোরিয়ার নারীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সরকারি বার্তাসংস্থা কেসিএনএর ইংরেজিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, কিম বলেন, ‘আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের মজবুত স্তম্ভ হয়ে উঠেছেন।’

তিনি আরো বলেন, ‘শারীরিকভাবে দুর্বল হলেও তারা নিঃসন্দেহে দৃঢ়চেতা। তাদের সাদামাটা মুখে সাহসের ছাপ স্পষ্ট, আর মুখের বলিরেখায় ফুটে ওঠে অক্লান্ত পরিশ্রমের গল্প।’

সপ্তাহের শেষ দিনের এই অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সল জু এবং মেয়ে জু এ উপস্থিত ছিলেন।

কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, জু এ তার বাবার পাশে তার হাত ধরে বসে আছেন। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই এই পারমাণবিক রাষ্ট্রে তাকে কিমের অপ্রকাশিত সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছে।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তা এবং বিদেশী কূটনীতিকরাও অংশ নেন। কিমের ভাষণের পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তাসংস্থাটি জানায়, উপস্থিত দর্শকরা বিপুল করতালির মাধ্যমে কিমের বক্তব্যকে স্বাগত জানান।

কয়েক দশক ধরে কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে এবং দেশটিতে এই পরিবারের ‘বংশীয় ঐতিহ্য’কে কেন্দ্র করে এক বিশেষ রাজনৈতিক বলয় গড়ে তোলা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews