রাজশাহী জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজশাহীর সকল স্তরের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজশাহী বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে  পবিত্র মাহে রমজানের এই আয়োজন ছিল একই সঙ্গে আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদযাপন।

রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। তাই এই পবিত্র মাসে একসঙ্গে ইফতার করার মাধ্যমে রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বিত ও যৌথভাবে সমাজসেবামূলক কাজ করার এক অটুট প্রত্যয় তৈরি হয়েছে। দীর্ঘদিনের উপবাস শেষে যখন সবাই এক কাতারে বসে ইফতারি করেন, তখন তা ক্ষুধা নিবারণের চেয়েও বেশি কিছু—এটি হয়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি পবিত্র অনুভূতি। এই আয়োজন প্রমাণ করে যে, আমরা সবাই একই মানবতার সেবায় নিয়োজিত এবং একসঙ্গে কাজ করলেই সমাজের কল্যাণে অধিকতর কার্যকরী ভূমিকা রাখা সম্ভব।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আকবর আলী জ্যাকি। তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘এই মাস আমাদের শিক্ষা দেয় আত্মসংযম ও অপরের প্রতি সহমর্মিতার। তাই ইফতারের এই মহান আয়োজনের মাধ্যমে আমরা সবাই যেন মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করি।’

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুলতানা আহমেদ সাগরিকা (সাবেক মহিলা কাউন্সিলর) এবং মোকলেসুর রহমান (প্রতিষ্ঠাতা, প্রচেষ্টা জলকল্যাণ সংস্থা)। তারা উভয়েই এ ধরণের  আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, রাজশাহীর উন্নয়নে সব সংগঠনকে একযোগে কাজ করতে হবে এবং নারী ও শিশু কল্যাণে বিশেষ নজর দিতে হবে।

আয়োজক সংগঠন রাজশাহী জেলা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মতিউর মুর্তজা, সাধারণ সম্পাদক সুমাইয়া হক, অর্থ সম্পাদক তাহসিন শেখ, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হায়দার, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ওমর হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মো. আরিফ ইসলাম এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিফা খাতুন। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ—সিয়াম, বুসরা, ফাহিম, স্নিগ্ধ ও ফারহানা সুলতানা প্রিয়া উপস্থিত ছিলেন।

সবশেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। সবার জন্যে ছিল শান্তি, সমৃদ্ধি এবং মানবতার সেবায় আরও বেশি করে নিজেদকে উৎসর্গ করার প্রার্থনা। এই ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজনই ছিল না, বরং এটি রাজশাহীর স্বেচ্ছাসেবী অঙ্গনের সবাইকে এক সূত্রে গেঁথে ফেলার একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews