বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে চাকরি হারালেন ঘানার কোচ অটো আদ্দো। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে পরাজয়ের জেরে বরখাস্ত হলেন আদ্দো।

সোমবার স্টুটগার্টে ব্ল্যাক স্টারসরা ২-১ ব্যবধানে পরাজিত হয়। শেষ মুহূর্তে ডেনিজ উনডাভের গোলে স্বাগতিকরা জয় নিশ্চিত করে।

আদ্দোর দলের এটি টানা চতুর্থ পরাজয়। এর আগে গত সপ্তাহে ঘানা অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বলেছে, ‘দলের জন্য অবদান রাখায় আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা বা দিকনির্দেশনা যথাসময়ে জানানো হবে।’

২০২৪ সালের মার্চে ঘানা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ৫০ বছর বয়সী আদ্দো। এনিয়ে দ্বিতীয় মেয়াদে তিনি জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপসহ ওই বছরের বেশীরভাগ সময় ঘানার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন আদ্দো। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেও নক আউট পর্বে যেতে পারেনি ঘানা।

খেলোয়াড়ী জীবনে আদ্দো ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। ২০০৬ বিশ্বকাপে তিনি ঘানা দলকে প্রতিনিধিত্ব করেছেন।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ-এল’–এ ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। ১৭ জুন টরেন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ঘানা। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews