পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত হায়দারাবাদ কিংসমেনকে ৬৯ রানে উড়িয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেনদের নিয়ে গড়া লাহোর।

লাহোরের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাটার মাস্টার মোস্তাফিজ। চার ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। লাহোরের বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি মিতব্যয়ী। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় হায়দারাবাদ।

অন্যদিকে, পিএসএলে অভিষেক হওয়া তার সতীর্থ পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে খুব বেশি অবদান রাখতে পারেননি। ১৩ বলে ১৪ রান করেছেন। ইনিংসে ছিল শুধু একটি ছক্কা। চার নম্বরে ব্যাট করতে নেমে একটি ছক্কা হাঁকানোর পর রাইলি মেরেডিথের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার আগে হাসিবুল্লাহ খানের সাথে মিলে মাঝপথে ইনিংস সামাল দিয়েছেন। ইমন আউট হওয়ার সময় লাহোরের সংগ্রহ ছিল ১৩১ রানে ৪ উইকেট।

এর আগে ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ৮৪ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান পায় লাহোর। ফখর জামান ৩৯ বলে ১০ চারে ৫৩ এবং নাঈম ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করেছেন। পরে হাসিবুল্লাহ ২৮ বলে ৪০ রানে ইনিংসকে সমৃদ্ধ করেন। এই সময় সিকান্দার রাজাও মাত্র ১০ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে ভূমিকা রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটার অধিনায়ক মার্নাস লাবুশেন (২৬) ও সাইম আইয়ুবের (১৭) কেউই প্রভাব ফেলতে পারেননি। হারিস রউফ, সিকান্দার রাজা ও উবায়েদ শাহ দুটি করে উইকেট নিলে দ্রুত ভেঙে পড়ে দলটির ইনিংস। মোস্তাফিজুর রহমান ছাড়া শাহীন আফ্রিদিও নেন একটি করে উইকেট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews