প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সর্বশেষ ২০১৪ সালে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে দেশটিতে সফর করেছিল তারা।
আসন্ন সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ১৮ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচ ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া। সেই বড় আসরকে সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজটি স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি সফরটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা দলের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের প্রস্তুতিতে এটি বড় ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/মুসা