বাংলাদেশের খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের পছন্দের খাবার হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এক সাক্ষাৎকারে অভিনেতাকে বাংলাদেশের কোন খাবার তার বেশি পছন্দ জানতে চাওয়া হয়। জবাবে তিনি গরুর মাংস ও ইলিশ মাছের কথা বলেন। এমনকি দুপুরে মাংস-ভাত খাওয়ার পাশাপাশি রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিশ্বজিতের সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ তার বক্তব্যের বিরোধিতা করে কটাক্ষ করেন। এমনকি কলকাতায় ফিরলে তাকে ডিম ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে সমালোচনার বিপরীতে অভিনেতার পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন। তাদের মতে, একজন মানুষ কী খাবেন, সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।
এদিকে বিতর্ক নিয়ে মুখ খুলে বিশ্বজিৎ জানান, এসব সমালোচনায় তিনি মোটেও বিচলিত নন। কী খাবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সফরের প্রসঙ্গে অভিনেতা জানান, গত ৪ সেপ্টেম্বর এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং পরদিনই ফিরে যান। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়েও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্বজিৎ। তিনি বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না।
বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ ও ‘রাজকাহিনি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।