নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন দুই মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে আগাম অর্ডার। আর ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হবে ফোন দুটি।
গত বছর বাজারে আসা আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় নতুন মডেল দুটিতে হার্ডওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন চিপ, মডেম, ব্যাটারি ও ক্যামেরা প্রযুক্তির পাশাপাশি যুক্ত হয়েছে পরিবর্তনযোগ্য অ্যাপারচার সুবিধা।
আইফোন ১৮ প্রো সিরিজে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ২০ প্রো চিপ। এর সঙ্গে রয়েছে অ্যাপলের নিজস্ব নতুন সি২ মডেম।
অ্যাপলের দাবি, একবার পুরো চার্জে আইফোন ১৮ প্রো সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর বড় আকারের আইফোন ১৮ প্রো ম্যাক্সে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ। আইফোন ১৮ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। যথাক্রমে সর্বোচ্চ ৩৪ ঘণ্টা ও ৪৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে।
দুটি মডেলই ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট স্টোরেজে পাওয়া যাবে। রঙের ক্ষেত্রে কালো, রুপালি, আকাশি নীল ও নতুন বারগান্ডি রঙ বেছে নিয়েছে অ্যাপল।
নতুন সিরিজের অন্যতম বড় পরিবর্তন এসেছে ক্যামেরায়। আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো এতে শারীরিকভাবে পরিবর্তনযোগ্য অ্যাপারচার যুক্ত করা হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে ছবি তোলার সময় ব্যবহারকারী লেন্সে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে ছবির গভীরতা ও কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ পাওয়া যাবে। চাইলে ফোন নিজেও আলো ও ছবির প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অ্যাপারচার পরিবর্তন করতে পারবে।
অ্যাপল জানিয়েছে, নতুন অ্যাপারচার প্রযুক্তি তৈরিতে মানুষের চুলের চেয়েও পাতলা লেজার দিয়ে কাটা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি থেকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা। অন্যদিকে আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি বা প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা থেকে।
আইফোন ১৮ প্রোর সম্ভাব্য দাম:
২৫৬ জিবি — প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা
৫১২ জিবি — প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা
১ টেরাবাইট — প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা
২ টেরাবাইট — প্রায় ৪ লাখ ৭ হাজার টাকা
আইফোন ১৮ প্রো ম্যাক্সের সম্ভাব্য দাম:
২৫৬ জিবি — প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা
৫১২ জিবি — প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা
১ টেরাবাইট — প্রায় ৩ লাখ ৮৯ হাজার টাকা
২ টেরাবাইট — প্রায় ৪ লাখ ২৬ হাজার টাকা
যুক্তরাষ্ট্রের বাজারে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ১৯৯ ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা। একই স্টোরেজের আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা থেকে।
অ্যাপল জানিয়েছে, একসঙ্গে পুরো দাম পরিশোধ করতে না চাইলে কিস্তিতেও ফোন কেনার সুযোগ থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে ফোনটির দাম পরিশোধ করতে পারবেন ক্রেতারা।
নতুন এ২০ প্রো চিপ, উন্নত মডেম, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজ এবং পরিবর্তনযোগ্য অ্যাপারচারসহ উন্নত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আইফোন ১৮ প্রো সিরিজকে আগের প্রজন্মের তুলনায় আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে অ্যাপল।
আরটিভি/এসকে
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন