ওয়াশিংটন, ৩১ মে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বর্তমানে চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। তবে গত এক বছরে তার ওজন প্রায় ১৪ পাউন্ড বৃদ্ধি পাওয়ায় তাকে নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী মাসে আশি বছরে পা দিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

হোয়াইট হাউসের চিকিৎসক শেন বার্বাবেল্লা জানিয়েছেন,

ট্রাম্পের হৃদযন্ত্র, ফুসফুস ও স্নায়ুতন্ত্রসহ সামগ্রিক শারীরিক সক্ষমতা সন্তোষজনক। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত। স্বাস্থ্য পরীক্ষায় তার হৃদযন্ত্রের আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা এবং মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং বর্তমান ওজন ২৩৮ পাউন্ড।

তার বডি মাস ইনডেক্স বা বিএমআই এখন ২৯.৭, যা স্থূলতার সীমার কাছাকাছি। চিকিৎসক তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন ও শারীরিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম।

তার নিয়মিত ব্যস্ততা ও জনসম্পৃক্ততা তাকে সুস্থ থাকতে সাহায্য করছে বলে মনে করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত ওষুধ এবং অ্যাসপিরিন সেবন করছেন। এছাড়া তার পায়ে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে হালকা ফোলাভাব এবং কানে পুরনো ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

মানসিক সক্ষমতা যাচাইয়ের মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষায় ট্রাম্প পূর্ণ নম্বর পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বয়স্ক রাজনীতিবিদদের সক্ষমতা নিয়ে দেশটিতে চলমান বিতর্কের মাঝে এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।

যদিও অনেক আমেরিকান রাজনীতিবিদদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন, তবে দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে প্রেসিডেন্টদের স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের দীর্ঘকালীন রীতি রয়েছে।

এস এম/ ৩১ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews