রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লা পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে।

রোববার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেয়া হয়েছে যে যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের যেন সহায়তা করা হয়।

তিনি বলেন, যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেই গেটগুলোকে ওভারপাস অথবা আন্ডারপাস করে দেয়ার কথা ভাবছে। রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে দুজনের গাফিলতি পেয়ে তাদের বরখাস্ত করেছে।

এর আগে বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, ‘সম্ভবত গেটটা খোলা ছিল, যার কারণে ওই ড্রাইভার ট্রেনলাইনে উঠে গেছেন। পরে এই দুর্ঘটনাটা হইছে।’ তিনি এই দুর্ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে করে অন্তত লাশটা নিয়ে যেতে পারেন পরিবারের সদস্যরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews