মার্কিন প্রতিনিধি পরিষদে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির দাবিতে যে প্রস্তাব উপস্থাপিত হয়েছে, তার উদ্দেশ্য নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু এর ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে পারি না।
পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান ২০ মার্চ প্রস্তাবটি উপস্থাপন করেন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছয় দিন আগে। এ প্রস্তাবে সেই সময়ে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। অপরাধীদের কথা বলতে গিয়ে মার্কিন কংগ্রেস সদস্য দখলদার পাকিস্তানি বাহিনীর সহযোগী উগ্র ইসলামপন্থী দলের কথাও উল্লেখ করেছেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী ও বাস্তুচ্যুতদের সমস্যা তদন্তে গঠিত সিনেট জুডিশিয়ারি কমিটির উপকমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ১৯৭১ সালের ১ নভেম্বর কমিটির কাছে একটি প্রতিবেদন জমা দেন; যাতে ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর সুপরিকল্পিত সন্ত্রাস ও গণহত্যা শুরু করার কথা উল্লেখ করা হয়।