আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত হচ্ছে। এই সিদ্ধান্ত আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।