জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন শুক্রবার নিশ্চিত করেছেন যে ২০২৭ সালের পরও ক্লাবটিতে থাকার জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শুরু হয়েছে।

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টকে ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেন জানান, চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম বৈঠক গত সপ্তাহে হয়েছে।’

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যালন ডি’অরের অন্যতম ফেবারিট। আগামী আগস্টে তার নিজ শহর লন্ডনে এই পুরস্কার দেয়া হবে।

কেন জানান, এখনো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তবে ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেয়া এই ইংলিশ তারকা জার্মান ক্লাবটিতে তার অবস্থান আরো দীর্ঘ করতে আশাবাদী।

‘আমার বয়স ৩৩। সম্ভবত এটি আমার শেষ চুক্তি হবে না। তবে আমার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে। তাদের নিশ্চিত করতে হবে যে আমি খুশি। একইভাবে তাদেরও নিশ্চিত করতে হবে যে তারাও খুশি, দুই পক্ষের কারো মধ্যে কোনো তাড়াহুড়া নেই।’

কেন বলেন, ‘আমি নিশ্চিত, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাব, যেখানে উভয়পক্ষই সন্তুষ্ট থাকবে।’

বায়ার্ন বারবার জানিয়েছে, তারা কেনের সাথে ক্লাবের চুক্তি বাড়াতে চায়। চলতি মৌসুমের শেষেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

গত মৌসুমে ইংল্যান্ডের অধিনায়ক ৩১টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬ গোল করেন, যা জার্মান শীর্ষ লিগের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। ওই মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ- দুই শিরোপাই জেতে।

সব মিলিয়ে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেন ৭৩ গোল করেন। এর মধ্যে বিশ্বকাপে করেন ছয়টি গোল, যেখানে ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews