প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত মাসে বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

ওই ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে হ্যারি মাগুয়ারের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক ম্যাচ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে সোমবার (১৩ এপ্রিল) লিডসের কাছে ২-১ গোলে ঘরের মাঠে হারের ম্যাচে ম্যাগুয়ার খেলতে পারেননি।

এফএ জানিয়েছে, একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন ম্যানচেস্টার ইউনাইটেড এফসি-র হ্যারি ম্যাগুয়ারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছেন। গত ২০ মার্চ এএফসি বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের ৭৮তম মিনিটে মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পর এই ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অভিযোগ উঠেছে, মাঠ ছাড়ার সময় মাগুয়ার চতুর্থ অফিসিয়ালের প্রতি অবমাননাকর বা আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। পরবর্তীতে এই ডিফেন্ডার অভিযোগটি স্বীকার করে নেন।

ম্যাগুয়ারের নতুন নিষেধাজ্ঞা তার সতীর্থ সেন্টার-ব্যাক ম্যাথিস ডি লিট এবং লিসান্দ্রো মার্টিনেজের অনুপস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। পিঠের সমস্যার কারণে ডি লিট নভেম্বর মাস থেকে খেলতে পারেননি, অন্যদিকে লিডসের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজে তিন ম্যাচের নিষেধাজ্ঞা শুরু করছেন মার্টিনেজ।

লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডমিনিক ক্যালভার্ট-লেউইনের চুল টেনে ধরায় ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’-এর দায়ে লাল কার্ড পেয়েছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। যদিও কোচ মাইকেল ক্যারিক এই সিদ্ধান্তকে ‘সবচেয়ে বাজে সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন এবং ক্লাব থেকে এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন।

পাশাপাশি ম্যাথিয়াস ডি লিটও পিঠের পুরনো চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন। এর ফলে ক্যারিকের হাতে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে এখন কেবল ১৯ বছর বয়সী এইডেন হেভেন এবং ২০ বছর বয়সী লেনি ইয়োরো ছাড়া আর কেউ অবশিষ্ট নেই।

লিগে টেবিলের তিনে থাকা ইউনাইটেড বর্তমানে চুতর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার সমান পয়েন্টে দাঁড়িয়ে আছে। হাতে আছে মাত্র ৬টি ম্যাচ। শনিবার চেলসির কাছে হারলে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রেড ডেভিলদের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews