চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ২০১১ সালে স্ট্রোক করেন। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে ১৪ই মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে কামরুদ্দীন আবসার স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তার স্ত্রী কবি ফেরদৌসী বেগম। সন্তান আদনান মুকিত শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো’র নির্বাহী সম্পাদক। আজ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কামরুদ্দীন আবসার দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
পাশাপাশি তিনি গণসংস্কৃতি ফ্রন্টের একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’র সঙ্গেও তার দীর্ঘ সম্পৃক্ততা ছিল। গণসংগীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন। শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন।