শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ডুবলো রাজধানী ঢাকা। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে সংস্থাটি।

এর আগে শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। 

টানা ভারি বর্ষণের ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই স্থবির হয়ে পড়ে রাজধানীর স্বাভাবিক জনজীবন। মূল সড়ক থেকে শুরু করে অলিগলিতে থইথই করছে পানি। বিশেষ করে বিমানবন্দর সড়ক, বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমণ্ডি ২৭ নম্বর, নিউমার্কেট, গ্রিন রোড, মতিঝিল এবং মিরপুরের কাজীপাড়াসহ অধিকাংশ নিম্নাঞ্চল ও মূল সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়।

পানি কোথাও কোথাও সড়কে কোমরসহ দেখা গেছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। দোকানপাট-বাড়িঘরের নিচতলায় পানি ঢুকে পড়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষজন।

রোববার অফিসগামী মানুষের দুর্দশা কে দেখে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে। সড়কের দুপাশেই যানজট। অনেককে বৃষ্টির মাঝেই ছাতা হাতে হেঁটে অফিস যেতে দেখা গেছে।

মোহাম্মদপুর থেকে কুড়িলে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ মামুন বলেন, বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। বাসও খুব কম। অফিসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো যানবাহন পাচ্ছি না।

স্কুলশিক্ষিকা সেলিনা পারভীন বলেন, সকালে স্কুলে পৌঁছাতে হয়। কিন্তু বাসায় পানি ঢুকে গেছে, আবার রিকশা বা সিএনজিও পাওয়া যাচ্ছে না। খুব কষ্ট করে বের হতে হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews