মস্তিষ্কের রোগ বলতে একসময় শুধু স্ট্রোককেই বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে ব্রেন স্ট্রোক, ব্রেন ক্যানসার, মেনিনজাইটিস, পারকিনসন ও মৃগী রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে দ্রুত চিকিৎসা নিয়ে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
স্ট্রোকের ক্ষেত্রে মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশ পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত মানসিক চাপ স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ।
- Advertisement -
অন্যদিকে, দীর্ঘদিনের মাথাব্যথা, খিঁচুনি বা শ্রবণশক্তি কমে যাওয়া ব্রেন ক্যানসারের লক্ষণ হতে পারে। সময়মতো রোগ শনাক্ত হলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
মস্তিষ্কের আবরণে সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়। এ রোগে তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব ও জ্বর দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না হলে গুরুতর স্নায়বিক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
এ ছাড়া পারকিনসন রোগে ধীরে ধীরে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়, ফলে হাত কাঁপা, চলাফেরায় ধীরগতি ও শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর মৃগী রোগে মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেতের কারণে বারবার খিঁচুনি ও সাময়িকভাবে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, হঠাৎ মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হওয়া, তীব্র মাথাব্যথা, বারবার খিঁচুনি বা কথা বলতে সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসাই মস্তিষ্কের জটিল রোগ থেকে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।
- Advertisement -