বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারি সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃষ্টির কারণে ওইদিন শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। সেই সুযোগ নিয়ে প্রধান শিক্ষক হাবিবর রহমান শিশুটিকে দোতলায় ডেকে নেন বলে অভিযোগ। শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে ঘটনার বিষয়ে পরিবারকে জানায়।
পরে পরিবার ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষের টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখেন। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে রাখে।
বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, আগেও তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশোভন আচরণের একাধিক অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরুতে বেগ পেতে হলেও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ওসি সোহেল রানা জানান, ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।