আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য–

এক, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আরো স্বচ্ছ ও কার্যকর করতে সিট বরাদ্দের একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসাথে, রিএড গ্রহণকারী বা বিশেষ বিবেচনায় অনিয়মিত (৬-৭ সেশন) শিক্ষার্থীদের হলে সিট প্রদান বন্ধ করে নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। এ বিষয়ে ভিসি আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দুই, ছাত্রীদের হলে সিট সঙ্কটের কারণে আবাসনবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে সৃষ্ট জটিলতা দূর করে দ্রুত সময়ের মধ্যে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করার দাবি জানান। ভিসি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদান করেন।

তিন, ডাকসুর উদ্যোগে কেন্দ্রীয় মসজিদের আপদকালীন সংস্কার শেষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে সৃষ্ট হওয়া বিদ্যুৎ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন এবং টিএসসিসহ বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

চার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য ডাকসু কর্তৃক বিসিবির দুই কোটি টাকার বাজেট বাস্তবায়নের ওপর ফলপ্রসূ আলাপ হয়।

পাঁচ, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। ভিসি সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদান করেন।

ছয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এবং চীনের সহযোগিতায় হল নির্মাণের অগ্রগতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয়।

সাত, ডাকসু কর্তৃক গৃহীত ছাত্রী হলগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল গেট স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে সৃষ্ট হওয়া প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করতে হল প্রশাসনকে ভিসি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আট, শহীদ ওসমান হাদির কবর সংরক্ষণ, নামফলক স্থাপন, কবর বাঁধাই ও সৌন্দর্যবর্ধনসহ অবশিষ্ট কাজগুলো শিগগিরই সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। একইসাথে, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি প্রস্তাবিত আকারে ব্যবহারের জন্য প্রস্তাব প্রদান করা হয়।

নয়, উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষার্থীদের কাছ থেকে ই-মেইল ভেরিফিকেশন সংক্রান্ত অন্যায্য ফি বাতিল করার বিষয়ে দাবি জানানো হয়।

দশ, মোকাররম ভবন, মোতাহার ভবন এবং কার্জন হল কেন্দ্রিক ক্যান্টিন নির্মাণ ও দ্রুত চালুর বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়। এ বিষয়ে প্রো-ভিসিসহ সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করেন ভিসি।

এগারো, শিক্ষক ও শিক্ষার্থীদের শিশু সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণ উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

বার, মুসা খাঁ মসজিদের সংস্কারকাজ দ্রুত শুরু করার বিষয়ে জোর দেয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মৌলিক সমস্যাগুলো নিয়েও ভিসির দৃষ্টি আকর্ষণ করা হয়।

একইসাথে শিক্ষার্থীদের প্রত্যাশা ও অভিমতগুলো শোনার জন্য ভিসির সাথে দুই ধাপে মতবিনিময় সভা আয়োজন করার পরামর্শ প্রদান করেন। প্রথম দফায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সাথে এবং দ্বিতীয় দফায় হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বোপরি, ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব নীতি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবিদাওয়া পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভিসিও এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। ওই আলোচনা সভায় ভিসির আমন্ত্রণে পরবর্তী সময়ে আরো যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews