লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিনে ইয়ামালের স্পেন- দুই পরাশক্তির বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা এখন তুঙ্গে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে টিকিটের বাজারেও। মার্কেটে ফাইনালের টিকিটের দাম পৌঁছে গেছে নজিরবিহীন উচ্চতায়।
আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে সেকেন্ডারি টিকিট বাজারে দাম হু হু করে বেড়েছে।
বর্তমানে স্টাবহাবে সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৭ হাজার ৮৬৮ মার্কিন ডলারে, যা প্রায় ৮ লাখ টাকার সমপরিমাণ। আর সর্বোচ্চ মূল্য উঠেছে ৪৩ হাজার ৪৯১ মার্কিন ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৩ লাখ টাকার সমান।
তবে এই দামের সাথে বিমান ভাড়া, হোটেল, স্থানীয় যাতায়াত কিংবা খাবারের ব্যয় অন্তর্ভুক্ত নয়। ফলে স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে একজন দর্শকের মোট খরচ আরো অনেক বেশি হতে পারে। যা অনেকের জন্যই স্বপ্নের মতো।
অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্সের লড়াইয়ের টিকিটের চিত্র একেবারেই ভিন্ন। সেই ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম নেমে এসেছে ৭৬৭ মার্কিন ডলারে। অথচ কয়েক ঘণ্টা আগেও একই টিকিটের মূল্য ছিল প্রায় ১ হাজার ৯০০ ডলার।
টিকিটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে দু’টি বড় কারণ রয়েছে। প্রথমত, রিসেল বাজারে ব্যাপক চাহিদা। দ্বিতীয়ত, ফিফার ডায়নামিক প্রাইসিং নীতি। গত অক্টোবরে টিকিট বিক্রি শুরু হওয়ার সময়ই টিকিটের মূল্য ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল। এরপর চাহিদা বাড়ার সাথে ধাপে ধাপে আরো বাড়ানো হয়েছে দাম।
তবে সবকিছুর কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। অনেকের ধারণা, স্পেনের বিপক্ষে এই ফাইনালই হতে পারে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপ ম্যাচ। তাই বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকেরা যেকোনো মূল্যে মাঠে বসে মেসির শেষ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হতে চাইছেন।
অন্যদিকে স্পেনের উদীয়মান সুপারস্টার লামিনে ইয়ামালের উপস্থিতি এই ফাইনালের আকর্ষণ আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
একদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ, অন্যদিকে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকার উত্থান- সব মিলিয়ে ফুটবল বিশ্বের দৃষ্টি এখন একটিই ম্যাচে।
এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। বিশ্বকাপের সোনালি ট্রফি কি আবারো উঁচিয়ে ধরবেন মেসি, নাকি নতুন যুগের সূচনা করবেন লামিনে ইয়ামালের স্পেন- উত্তর মিলবে রোববারের লড়াইয়ে।